প্রচ্ছদ জাতীয় বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল অলি

বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল অলি

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ‘আমার থেকে যদি ভালো প্রার্থী থাকে, কেউ দিতে পারে আমরা সবাই আনন্দিত হব। আর যদি ভালো প্রার্থী না থাকে, আশা করব সরকারি পক্ষের (বিএনপি) যারা এমপি আছেন, তারা আমাদেরকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার জন্য সুযোগ সৃষ্টি করবেন।’

আজ রবিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার নাম প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কর্নেল অলি আহমদ বলেন, ‘দেশবাসীকে এটাই বলব, আমরা আশা করছি দেশটা যেন সঠিক পথে চলে। ১১ দলীয় ঐক্যজোটের ১১ দল সম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে এবং প্রেসের সামনে এটা প্রকাশও করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা, তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি ছিলাম। আমার বিরুদ্ধে কোনো ধরনের স্ক্যান্ডাল নাই। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই।’

বিগত দিনে বিএনপিতে থাকার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অলি আহমদ বলেন, ‘এই সম্বন্ধে আমি এখন মন্তব্য করতে চাই না। সময় আসুক। এখনো তো অনেক দেরি আছে। আমরা এখনো অ্যাপ্লিকেশন করি নাই। অ্যাপ্লিকেশন করি। তারপরে কী হয়, দ্বিতীয় পর্যায়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।’

এর আগে, তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দুপুরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়।

বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।