প্রচ্ছদ জাতীয় ইমারত বিধিমালা সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

ইমারত বিধিমালা সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠন

রাজধানী ঢাকায় ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালাকে যুগোপযোগী ও কার্যকর করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

বুধবার (৩০ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মহানগরে ইমারত বিধিমালা বাস্তবায়নের আইনি কাঠামো আরও শক্তিশালী করতে The Building Construction Act, 1952 এবং The Town Improvement Act, 1953 পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কমিটি বিদ্যমান দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে, যাতে রাজধানীতে ইমারত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

এ ছাড়া প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা করবে। কমিটিকে সার্বিক সচিবালয় সহায়তা দেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।