
পদত্যাগের পর রাজধানীর ভাটারা এলাকার ৩০০ ফিট সড়কে ঘুরতে যান সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলে গুলশানের বাসভবন থেকে বের হন তিনি।
এক বার্তায় জানানো হয়, নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তিনি কিছু সময় সেখানে অবস্থান করেন।
এর আগে, ৩৯ মাস দায়িত্ব পালন করে পদত্যাগের পর সপরিবারে বঙ্গভবন ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রবিবার দুপুরে ২টা ৫৮ মিনিটে গুলশানের ১২৩ নম্বর রোডে তার বাসভবনে উঠেন তিনি। এখন সপরিবারে এ বাড়িতেই থাকছেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার আগেও তিনি এ বাড়ির পঞ্চম তলার ৫০১ নম্বর ফ্ল্যাটে থাকতেন।
আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর। সে হিসাবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগে রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়েছেন তিনি।













































