
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশিত একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার মধ্যে সর্বাধিক ভিউ পাওয়ার নতুন রেকর্ড গড়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে পোস্ট করা ৪০ সেকেন্ডের ভিডিওটি প্রথম এক দিনে ৩০ কোটি ৩০ লাখের বেশি বার দেখা হয়েছে। পরে এর মোট ভিউ প্রায় ৩৩ কোটিতে পৌঁছেছে।
এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশোস্পিডের দখলে। দক্ষিণ কোরিয়ার সংগীতদল বিটিএসের সদস্যদের সঙ্গে তাঁর একটি ভিডিও প্রথম ২৪ ঘণ্টায় ৩০ কোটি ভিউ পেয়েছিল।
রেকর্ড গড়া ভিডিওটি প্রকাশের পর মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও অনুসারী বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এক দিনের ব্যবধানে প্রায় ১০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছেন তাঁর অ্যাকাউন্টে।
ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে ভিডিওটি প্রকাশ করেন নরেন্দ্র মোদি। সেলফি ক্যামেরায় ধারণ করা সংক্ষিপ্ত ওই ভিডিওতে তিনি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
ভিডিওতে তিনি বলেন, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য পুনরায় পরীক্ষা আয়োজনের বিষয়টিও উল্লেখ করেন।
এ ছাড়া দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের পরিকল্পনার কথাও জানান তিনি।
যোগাযোগবিশেষজ্ঞদের মতে, ভিডিওটির ভাষা, উপস্থাপনা এবং প্রকাশের সময় নির্বাচন ছিল কৌশলগত। বিশেষ করে আন্দোলনে সক্রিয় তরুণ প্রজন্মের কাছে সরাসরি বার্তা পৌঁছে দিতে মোদি অনানুষ্ঠানিক ও সহজ ভাষা ব্যবহার করেছেন।
মধ্যরাতে ভিডিও প্রকাশের সিদ্ধান্তও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের বেশি সক্রিয় থাকার সময়কে বিবেচনায় নিয়েই নেওয়া হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রথম ভিডিওটি ব্যাপক সাড়া পাওয়ার এক দিন পর আবারও ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও প্রকাশ করেন নরেন্দ্র মোদি।
২৪ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি সমর্থন, মতামত ও পরামর্শের জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানান। ভিডিওর শুরুতেই তিনি বলেন, ‘ধন্যবাদ বন্ধুরা।’ পরে তিনি উল্লেখ করেন, নাগরিকদের মতামত নেতৃত্ব ও জনগণের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করে এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।












































