প্রচ্ছদ হেড লাইন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন জয়সওয়াল, উঠল হাদীর হত্যাকারীর প্রশ্নও

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা বললেন জয়সওয়াল, উঠল হাদীর হত্যাকারীর প্রশ্নও

বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই ব্রিফিংয়ে উঠে এসেছে ওসমান হাদীর হত্যাকারীর প্রত্যর্পণের আলাপও।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও বলেছেন। এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, সেটি পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।

ব্রিফিংয়ে বাংলাদেশের আরেকটি প্রত্যর্পণ অনুরোধের বিষয়ও উঠে আসে। এক সাংবাদিক বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে এক রাজনীতিক হত্যার (শহীদ ওসমান হাদী) মামলায় অভিযুক্ত একজনকে (ফয়সাল) ফেরত চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তিনি পুনরায় উল্লেখ করেন, প্রত্যর্পণসংক্রান্ত যেকোনো অনুরোধ সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হয়।