প্রচ্ছদ জাতীয় শেখ হাসিনা দেশে ফিরলে স্থান হবে লাল দালান

শেখ হাসিনা দেশে ফিরলে স্থান হবে লাল দালান

‘চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেছেন, ‘মাঝে মাঝে আপা দেশে ফেরার হুমকি দেন। দেশে তো ফিরবেন, তবে আপনার স্থান হবে লাল বিল্ডিংয়ের ভেতরে। এ দেশের জনগণ আপনাকে রান্না করা ভাত খাওয়ার সুযোগ দেয়নি, আবার দেশে ফেরার স্বপ্ন দেখেন! এটা শুধু দুঃস্বপ্ন হয়ে থাকবে।’

শনিবার (৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা ১১-দলীয় জোটের উদ্যোগে জুলাইয়ের গণহত্যা, খুন, গুমসহ সকল হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি।

আলাউদ্দিন শিকদার বলেন, ‘আজকে এক সমাবেশে বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বক্তব্য দিয়েছেন যে, এই জুলাই আন্দোলনে তারাই নাকি মাস্টারমাইন্ড। তারা নাকি বিদেশে বসে বাংলাদেশে এই জুলাই আন্দোলনকে সংগঠিত করেছিলেন। বাংলাদেশের মানুষ জানে জুলাই আন্দোলন কারা সংগঠিত করেছিল, কারা জীবন দিয়েছিল। বাংলাদেশের আপামর ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সেদিন রাজপথে আন্দোলন করে, নিজেদের জীবন দিয়ে শেখ হাসিনা সরকারকে বিদায় করেছে। এটার মাস্টারমাইন্ড কেউ নয়, এটার মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ছাত্র-জনতা। খবরদার, এটাকে দখল নেয়ার চেষ্টা করবেন না।’

জুলাই সনদ নিয়ে তিনি আরো বলেন, ‘কেন বর্তমান সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে আবার আজকে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য পিছিয়ে যাচ্ছে—এর কারণ বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না। হাসিনা যেভাবে নিজেকে ফ্যাসিবাদ হিসেবে প্রমাণ করেছে, আজকে বর্তমান সরকারও নিজেদের ফ্যাসিবাদ হিসেবে প্রমাণ করবার জন্য উঠেপড়ে লেগেছে। আজকে সাংবাদিকদের স্বাধীনতা নেই, বাকস্বাধীনতা নেই; প্রধানমন্ত্রী নিয়ে কথা বললেই তাকে গ্রেফতার করা হয়। আমরা অতীতে দেখেছি শেখ হাসিনার ব্যাপারে কথা বললেই গ্রেফতার করা হতো, আজকে প্রধান উপদেষ্টার ব্যাপারে কথা বললেই গ্রেফতার করা হয়। তাহলে আপনাদের মধ্যে পার্থক্য কোথায়?’

ওই দিন মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, সহ-সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মো: নুরুল কবির, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিরসরাই উপজেলার আহ্বায়ক প্রফেসর আশরাফ উদ্দিন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী প্রমুখ।