
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল নয়। এরা হচ্ছে রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি।
তিনি বলেন, তাদের একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্যে তারা পৌঁছাতে চায়। তারা শরিয়াহভিত্তিক একটি ইসলামি রাষ্ট্র তৈরি করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। বাংলাদেশের মানুষ উদারপন্থি রাজনীতি করতে চায়।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলজিআরডি মন্ত্রী বলেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরিয়েছি। কিন্তু আমাদের সামনে আবার একটি শক্তি এসে দাঁড়িয়েছে। সেই শক্তিটি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল।
তিনি বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি, এটা বাস্তবতা। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তারা আজ মানুষকে ভুল বুঝিয়ে, আমাদের ধর্মপ্রাণ মহিলাদের ভুল বুঝিয়ে ভোট ব্যাংকে হাত দিয়েছে। এই জায়গাগুলোকে নির্মূল করার দায়িত্ব আপনাদের, যারা মাঠপর্যায়ে কাজ করেন।
মির্জা ফখরুল বলেন, ধর্মে যারা বিশ্বাস করে তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ নয়। আমাদের দেশে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। সবাই একসঙ্গে কাজ করতে চায়।
তিনি বলেন, আজ বিভিন্নভাবে ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই বিভ্রান্তি রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
জামায়াতে ইসলামীর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, তারা খুব জোরেশোরে কথা বলছে, আন্দোলন করার চেষ্টা করছে। জুলাই সনদ নাকি আমরা মানিনি। আমরা নাকি গণভোটের রায়কে বাদ দিয়েছি।
তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি পাতায় যে কথাগুলো লেখা আছে, সেখানে পরিষ্কার করে বলা আছে, কয়েকটি রাজনৈতিক দল কোন বিষয় মেনেছে আর কয়েকটি রাজনৈতিক দল কোন বিষয় মানেনি।
মির্জা ফখরুল বলেন, যারা নির্বাচনে জয়ী হবে, সেই দলের যে ইশতেহার থাকবে, সেই ইশতেহার ম্যান্ডেট অনুযায়ী পালিত হবে। সুতরাং ম্যান্ডেট আমরা পেয়েছি। ইশতেহারে আমরা জনগণের সামনে যা বলেছি, তা আমরা পূরণ করতে চাই।
তিনি বলেন, প্রতিটি জায়গায়, প্রতিটি কথায় আমরা জুলাই সনদ মেনে চলছি। জুলাই সনদের প্রত্যেকটি শব্দ আমরা অবশ্যই পূরণ করব।
তিনি আরও বলেন, আমরা পার্লামেন্টে বলেছিলাম, সংসদে যে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে, সেখানে আপনারা আসুন। আলাপ-আলোচনার মাধ্যমে আমরা পরিবর্তন করব।
মির্জা ফখরুল বলেন, কিন্তু তারা সেখানে না গিয়ে রাস্তায় নামছে। ১১ দল নিয়ে রাস্তায় নেমেছে। রাস্তায় নেমেছে, কিন্তু জনগণের কোনো সমর্থন দেখতে পাচ্ছি না আমরা।
তিনি বলেন, তারা ঢাকায় সভা-সমাবেশ করছে, জনগণের কোনো সমর্থন নেই। আমাদের ছোট মিটিং ডাকলেই তাদের চেয়ে বেশি লোক হয়।
নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নেতাকর্মীদের মধ্যে যেন কোনো হতাশা না আসে। আমরা সবসময় আশা নিয়ে, সুন্দর ভবিষ্যৎ নিয়ে কাজ করার চেষ্টা করব। আমরা কখনো পরাজিত হইনি। বিএনপি কোনো নির্বাচনে পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না।











































