
পতিত আওয়ামী সরকারের ১৭ বছরে প্রতিহিংসার শিকার সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাদের স্বাভাবিক অবসরসহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ১৫০ কর্মকর্তাকে এসব সুবিধার পাশাপাশি আর্থিক ও আনুষঙ্গিক আরও সুবিধার ঘোষণা দিয়ে গত বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই সুবিধা পাওয়া অফিসারদের তালিকায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী। বকেয়া বেতন-ভাতার পাশাপাশি এক কোটি টাকার বিশেষ আর্থিক প্রণোদনাও পাবেন তিনি।
সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে ২০০৯ সালের ২৪ জুন অকালীন (বাধ্যতামূলক) অবসরে পাঠানো হয়েছিল। প্রজ্ঞাপনে তাকে ২০১১ সালের ২৬ ডিসেম্বর মেজর জেনারেল পদে ভূতাপেক্ষ পদোন্নতি ও ২০১৪ সালের ২৬ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতিসহ বয়সসীমা শেষে স্বাভাবিক অবসর দেওয়ার কথা উল্লেখ করা হয়।
তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে বকেয়া বেতন-ভাতা, মেজর জেনারেল পদে বকেয়া বেতন-ভাতা এবং বিধি মোতাবেক আর্থিক ও আনুষঙ্গিক সুবিধা পাবেন। পাশাপাশি তাকে বিশেষ আর্থিক প্রণোদনা হিসেবে এক কোটি টাকা ও বয়স ও যোগ্যতা সাপেক্ষে যেকোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় পদায়নের কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।









































