
বিশ্ববাজারের তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম প্রতি লিটারে ৭৪ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৬৭ রুপি কমানো হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি বলেন, কঠিন সময়ে জনগণের ধৈর্যের ফল হিসেবেই এই মূল্যহ্রাস কার্যকর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) বিবৃতিতে জানানো হয়, এই নতুন সমন্বয়ের ফলে পেট্রোলের দাম প্রতি লিটার ৩৭৩ রুপি থেকে কমে ২৯৯ রুপিতে নেমে এসেছে। একইভাবে ডিজেলের দাম ৩৭৮ রুপি থেকে কমে ৩১১ রুপি নির্ধারণ করা হয়েছে।
সরকার জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসা এবং আঞ্চলিক অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূল্য সমন্বয় করা হয়েছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও বলেন, সংকটকালীন সময়ে সরকার কঠোর সাশ্রয়ী নীতি অনুসরণ করেছে এবং জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে উন্নয়ন বাজেট ও সাশ্রয়কৃত তহবিল থেকে প্রায় ১২৯ বিলিয়ন রুপি ভর্তুকি দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও পাকিস্তান জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে।
এদিকে প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় এবং সরবরাহ পরিস্থিতি উন্নত হওয়ায় বিশ্ববাজারেও ক্রুড অয়েলের দাম কমেছে, যার প্রভাব পড়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারে।
উল্লেখ্য, চলমান বৈশ্বিক তেল সংকটের কারণে গত কয়েক মাসে পাকিস্তানে জ্বালানির দাম একাধিকবার পরিবর্তিত হয়েছিল। তবে এবারের মূল্যহ্রাসকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কমানো হিসেবে দেখা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে।











































