প্রচ্ছদ জাতীয় কেন হাদি হত্যার বিচার চান, কারণ জানালেন ডাকসু নেত্রী জুমা

কেন হাদি হত্যার বিচার চান, কারণ জানালেন ডাকসু নেত্রী জুমা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুরু থেকেই সরব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন’ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একটি বক্তব্যে এ হত্যাকাণ্ডের বিচার দাবি নতুন করে আলোচনায় এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ব্যাখ্যাও করেছেন, কেন হাদি হত্যার বিচার দাবিতে তিনি এতটা সক্রিয়। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি হাদি হত্যার বিচার দাবিতে নিজের অবস্থান ও যুক্তি তুলে ধরেন।

স্ট্যাটাসে ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘শহিদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের নেতা ছিলেন কেবল এই কারণে ইনকিলাব মঞ্চ তার হত্যার বিচার চায় এমন নয়। তার চেয়ে বেশি চায় কারণ ইনকিলাব মঞ্চ তৈরি হয়েছিল যে স্বাধীন সংস্কৃতি ও সার্বভৌম সীমানার তাগিদে সেটি নিশ্চিত করার প্রথম ধাপ এই বিচার।’

তিনি উল্লেখ করেন, ‘আমরা শুধু ভাই নেতার জন্য দরদী নই। আমাদের দরদ, আমাদের কান্না এই ভূমির সার্বভৌমত্বের জন্য, যে সার্বভৌমত্বের প্রতীক শহিদ ওসমান হাদি।’

এদিকে, হাদি হত্যাকাণ্ড ঘিরে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির বিভিন্ন দাবিও আলোচনায় এসেছে। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়।

ওই বক্তব্যে হাদি হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, এ সংক্রান্ত বিষয়ে কিছু তথ্য তার কাছে রয়েছে এবং তা প্রকাশ করলে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। তবে বাংলাদেশ সরকার এ ধরনের মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্য হিসেবে উল্লেখ করে বিশেষ গুরুত্ব দেয়নি।

অন্যদিকে, ওসমান হাদির বড় ভাই ও যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনের কূটনৈতিক কর্মকর্তা শরীফ ওমর হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেন, হত্যাকাণ্ডে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, বিএনপি এবং জামায়াতে ইসলামীর কিছু নেতার সংশ্লিষ্টতা থাকতে পারে। তার এসব মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

এছাড়া, হাদির পরিবারের পক্ষ থেকে মামলার বাদী নির্ধারণ নিয়েও প্রশ্ন উঠেছে। পরিবারের অনুমতি ছাড়াই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়েছেন বলে অভিযোগ করেন নিহতের বোন মাসুমা হাদি।

সূত্র : কালবেলা