প্রচ্ছদ জাতীয় প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজায় সাবেক এমপি

প্যারোলে মুক্তি পেয়ে ছোট ভাইয়ের জানাজায় সাবেক এমপি

ছোট ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ও জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ। সোমবার (২৫ মে) বিকেল ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্তি ছিলেন।

বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান এলাকার মরহুম আজিম উদ্দিন প্রামানিকের ছোট ছেলে এবং সাবেক সংসদ সদস্যে শরিফুল ইসলাম জিন্নাহর ছোট ভাই সাব্বিরুল ইসলাম মুন্না রোববার রাত সাড়ে ১০টায় তার নিজ বাসভবনে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছোট ভাইয়ের আকস্মিক মৃত্যুর পর তার জানাজা ও দাফন কাজে অংশ নেওয়ার জন্য কারাবন্দি সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহর পক্ষে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কর্তৃপক্ষের অনুমোদনের পর সোমবার তাকে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

মরহুমের পরিবার জানিয়েছে, সোমবার বাদ আছর মহাস্থান ঈদগাহ ময়দানে মরহুম সাব্বিরুল ইসলাম মুন্নার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ প্যারোলে মুক্ত হয়ে ছোট ভাইয়ের জানাজায় শরিক হয়।

বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন বলেন, জেলা প্রশাসকের আদেশে কারা কর্তৃপক্ষ তাকে প্যারোলে মুক্তির নির্দেশ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।

বগুড়ার জেল সুপার আসাদুর রহমান বলেন, সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর ছেলের আবেদনের প্রেক্ষিতে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে সন্ধ্যা পোনে ৭টায় তিনি ফিরে এসেছেন।