প্রচ্ছদ জাতীয় বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

বাবরের জন্য আড়াই মাস রোজা রেখে হাসপাতালে ভর্তি নারী

৬৫ বছর বয়সী এক নারী খোদেজা আক্তার। মানত ছিল লুৎফুজ্জামান বাবর এমপি হলে দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন তিনি।

গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিজয়ী হওয়ার পর গত একুশে মার্চ ঈদুল ফিতরের পরের দিন থেকে খোদেজা আক্তার তার মানতের দীর্ঘ আড়াই মাসের রোজা রাখতে শুরু করেন।

রোজা রেখে কয়েকবার অসুস্থ হলেও রোজা ভাঙেননি খোদেজা। আজ বুধবার হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী শাসনামলে দীর্ঘ ১৭ বছর কারা নির্যাতন ভোগ করে জেলে বন্দী ছিলেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তার এই দুঃখ-কষ্টের কথা লোকমুখে শুনে তার সুস্থতা ও কারামুক্তি এবং তিনি যেন আবারও এমপি হতে পারেন, সেজন্য দীর্ঘ আড়াই মাস রোজা রাখার মানত করেন মদন উপজেলার চানগাঁও (চকপাড়া) গ্রামের মৃত আব্দুল হাসেমের স্ত্রী ৬৫ বছর বয়সী গৃহিণী খোদেজা আক্তার।

এর আগে পবিত্র রমজানের দীর্ঘ এক মাস রোজা রাখেন তিনি। কিন্তু দীর্ঘ দিন রোজা রাখার কারণে তাকে ৮ থেকে ১০ বার হাসপাতালে এসে ভর্তি হতে হয়েছে, তবুও তিনি রোজা রাখা থেকে বিরত হননি। আজ সকালে আবারও হঠাৎ করে অসুস্থ হলে তাকে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন পরিবারের লোকজন।

ছেলে শেখ রবিন ও ছেলের বউ রনি আক্তার জানান, “আমরা মায়ের কাছ থেকে জানতে পারি নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর যদি কারাবরণ থেকে মুক্তি পেয়ে আবারও সংসদ সদস্য হতে পারেন, তাহলে তিনি তার জন্য দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন। সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বিজয়ী হওয়ার পর গত একুশে মার্চ মায়ের মানত পূরণ করতে রোজা রাখতে শুরু করেন। দীর্ঘদিন রোজা রাখার কারণে তিনি আট থেকে দশ বার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কিন্তু আমাদের শত চেষ্টার পরেও তিনি রোজা ভাঙতে রাজি হননি।”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হুদা খান বলেন, “তিনি (খোদেজা আক্তার) দীর্ঘদিন রোজা রাখার কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন, তাই তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার সুস্থতার জন্য যা যা করা প্রয়োজন, তা আমরা হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।”