
দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী দুই দিন হালকা থেকে মাঝারি এবং তৃতীয় দিনে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার (২০ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিশেষ বার্তায় এই পূর্বাভাসের তথ্য জানানো হয়েছে।
পাউবোর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সিলেট বিভাগে ভারী এবং রংপুর বিভাগে মাঝারি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হলেও এই সময়ে ভারতের উজান অঞ্চলে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিপাত দেখা যায়নি।
নদ-নদীর সার্বিক পরিস্থিতি নিয়ে বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ দিন পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনার পানির সমতল ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকতে পারে। অপরদিকে, পদ্মা নদীর পানির সমতল বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে আগামী পাঁচ দিনে গঙ্গা ও পদ্মা নদীর পানির সমতলও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাউবো জানিয়েছে, আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিন দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পেতে পারে।













































