
এক কিশোরীকে হেনস্তার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ।
শনিবার (১৬ মে) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার জানান, ১৭ বছর বয়সী এক কিশোরীর দায়ের করা যৌন হেনস্তার মামলায় তিনি নিজেই তার ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
২৫ বছর বয়সী বন্দি ভাগীরথের বিরুদ্ধে ভারতের শিশু যৌন অপরাধ সুরক্ষা আইন (পকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সঞ্জয় কুমার বলেন, আইন ও বিচার বিভাগের প্রতি সম্মান রেখেই তার ছেলে তদন্তে অংশ নিতে পুলিশের কাছে হাজির হয়েছে।
তিনি আরও বলেন, “সে আমার ছেলে হোক কিংবা সাধারণ নাগরিক—আইনের চোখে সবাই সমান।” একই সঙ্গে তিনি দাবি করেন, শুরু থেকেই তার ছেলে নিজেকে নির্দোষ বলে আসছে এবং আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলা করতে চান।
সঞ্জয় কুমার জানান, আদালতের কার্যক্রম চলমান থাকলেও তদন্তে সহযোগিতার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো দ্বিধা রাখা হয়নি। বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।













































