
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চাঁদপুরবাসীর জন্য বেশ কিছু প্রকল্প অনুমোদনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এগুলো দ্রুত বাস্তবায়ন হবে এমনটাই চাচ্ছে বিএনপির দলীয় নেতাকর্মীসহ জেলার সাধারণ জনগণ।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে জনসমাবেশ ও ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংসদ সদস্যদের দাবির প্রেক্ষিতে প্রকল্পগুলো অনুমোদন দেন।
প্রধানমন্ত্রী বলেন, চাঁদপুরে ইপিজেড করার সম্ভাব্যতা যাচাই বাছাই শেষে দ্রুত করা যায় কিনা তা বলে দিচ্ছি। একইসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নদী রক্ষা বাঁধ, অর্থনৈতিক জোনের কাজগুলোও নিয়ে কাজ করার ঘোষণা দিচ্ছি।
ফ্যামিলি কার্ড অসহায় নারীদের হাতে তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই টাকাগুলো আপনাদের পরিবারের অনেক কাজে আসবে। আমরা আগামী বাজেটে এক্ষেত্রে আরও কাজ করব। এতে করে এখন যারা এই ফ্যামিলি কার্ডের আওতায় আসতে পারেনি। তারাও দ্রুত চলে আসবে।
প্রধানমন্ত্রী জনসাধারণকে সচেতন করার উদ্দ্যেশে বলেন, আমরা খালে পানি আনার রাজনীতি করি। আমরা কৃষকদের দুর্দশা লাঘবের রাজনীতি করি। কীভাবে মানুষের অর্থনৈতিক ভাগ্য বদল করা যায় সেসব কাজ করি। এগুলো আমি ছোট বেলা হতে দেখে এসেছি। আর এগুলো নিয়েই অনেকে অপপ্রচার করে। তাই কোনভাবে বিভ্রান্ত হওয়া যাবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, যাতে খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ড, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। ১২ তারিখের নির্বাচনে এসব কর্মসূচি মানুষের জন্য উপকারী ছিল বলেই মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।
তারেক রহমান আরও বলেন, পরিষ্কারভাবে আমি বলে দিতে চাই, যেই কাজ করার সমর্থন দেশের মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে তা আমরা এক এক করে বাস্তবায়ন করব। এতে কেউ বাধা দিলে বাংলাদেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্র ভেস্তে দেবে, আমাদের কিছু করা লাগবে না। তাই আসুন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করি। আমরা জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দেই। তাই জনগণই সবরকমের বিভ্রান্তির জবাব দেয় এবং দেবে। জনগণ এখন সচেতন। এজন্যই আমরা বলি সবার আগে বাংলাদেশ।
এদিন প্রধানমন্ত্রী চাঁদপুরে নির্ধারিত কর্মসূচির মধ্যে শাহরাস্তি ও চাঁদপুর সদরে মোট ২টি খাল খনন কাজের উদ্বোধন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর ফ্যামিলি কার্ড অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীর সঙ্গে সাংগঠনিক সভা করেন। তার এমন সফরের গাড়িবহরকে স্বাগত জানাতে রাস্তার দুধারে নেতাকর্মীসহ সাধারণ জনগণ দাঁড়িয়ে স্লোগানসহ হাত নেড়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
সূত্র : কালবেলা













































