
চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে এক সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করার হুমকি দিয়েছে মোবারক হোসেন ওরফে ইমন নামের এক ‘সন্ত্রাসী’।
শনিবার (১০ মে) বিকেলে বিপ্লব দে পার্থ নামের ওই সাংবাদিককে এ হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিপ্লব দে পার্থ বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত।
মোবারক হোসেন ওরফে ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত।
হোয়াটসঅ্যাপে দেওয়া অডিও বার্তায় মোবারক হোসেন সাংবাদিক বিপ্লবকে বলেন, পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।
বিপ্লব দে পার্থ বলেন, সন্ত্রাসী সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করেন সন্ত্রাসী ইমন। প্রথমে তিনি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা নেই জানালে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, চাঁদা চেয়ে হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সুত্রে জানা গেছে, বড় সাজ্জাদের বাহিনীতে সক্রিয় রয়েছেন অন্তত ৫০ জন শুটার ও সহযোগী। মোহাম্মদ রায়হান ও মোবারক হোসেন সাজ্জাদের হয়ে প্রায়ই বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছেন।












































