
সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
শুক্রবার (৮ মে) রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়া বাজারে এই সংঘর্ষেরঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, জাউয়া বাজারের নিকটবর্তী খিদ্রাখাপন গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে ২০ লাখ টাকা পেতেন জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলী। বারবার তাগিদ দিয়ে টাকা আদায় করতে পারেননি মোহাম্মদ আলী। দুই দিন আগে সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়াকে গালিগালাজ করেন মোহাম্মদ আলী। এ কথা শুনে জাউয়াবাজারে আখলুছ মিয়ার লোকজন মোহাম্মদ আলীকে মারধর করেন।
এর জেরে বৃহস্পতিবার বিকেলে আখলুছ মিয়ার লোকজনকে মারপিট করেন মোহাম্মদ আলীর লোকজন। এ নিয়ে শুক্রবার সন্ধ্যার পরে উভয়পক্ষের লোকজন সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়া বাজারে সংঘর্ষ জড়িয়ে পড়েন। রাতের অন্ধকারে উভয়পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এসময় সড়কের উভয় দিকে শতশত যানবাহন আটক পড়ে।
এর মধ্যে গাড়িতে করে সিলেট থেকে সুনামগঞ্জে আসছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি যানজটে আটকা পড়েন এবং সংঘর্ষ থামাতে গাড়ি থেকে নেমে পড়েন। এসময় তিনি সংঘর্ষের মধ্যে গেলে শরীরের বিভিন্ন জায়গায় ইটপাটকেলের ঢিলের আঘাত পান। পরে তার লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যার সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ চলার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
সূত্র: The Daily campus












































