
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩টা ১৫ মিনিট থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এই পূর্বাভাসে জানানো হয়, নদীবন্দর এলাকায় চলাচলরত নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলা হয়েছে।
অপরদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের নীলফামারী, পঞ্চগড় জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই ঝড়টি দুপুর ১২টার পর থেকে বিকেল ৫টার মধ্যে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রংপুর বিভাগের দিক থেকে আগত একটি কালবৈশাখী ঝড় বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে আজ দুপুর ২টার পর থেকে সন্ধ্যা ৭টার মধ্যে।
ময়মনসিংহ বিভাগ: রংপুর বিভাগের দিক থেকে আগত একটি কালবৈশাখী ঝড় শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে আজ দুপুর ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে আজ বিকেল ৫টার পর থেকে রাত ১২টার মধ্যে।
খুলনা বিভাগ: খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে বিকেল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে।
ঢাকা বিভাগ: গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে আজ বিকেল ৬টার পর থেকে রাত ১২টার মধ্যে।
বরিশাল বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম রাত ১২টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম রাত ১২টার মধ্যে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা দুপুর ২টা পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। আজ দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম দুপুর ১২টার মধ্যে।











































