প্রচ্ছদ জাতীয় বেতন ২০ হাজার টাকার কম হলেই নতুন পে স্কেলে বড় সুখবর

বেতন ২০ হাজার টাকার কম হলেই নতুন পে স্কেলে বড় সুখবর

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। পে স্কেল বাস্তবায়িত হলে দেশের প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পে স্কেলে পেনশনভোগীদের জন্যও বিশেষ সুবিধা রাখার প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে পে স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি সুপারিশ তৈরির কাজ শুরু করেছে এবং শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকরের সম্ভাবনা রয়েছে। নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করার কথা রয়েছে অর্থ বিভাগের। পরিকল্পনা রয়েছে, প্রথম ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত পে স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়নের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় আগামী তিন বছরে ধাপে ধাপে নতুন পে স্কেল কার্যকরের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রথম ধাপে আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, পেনশনভোগীদের মধ্যে বর্তমানে মাসে যারা ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন বাড়ানো হতে পারে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত। ২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে বাড়তে পারে সর্বোচ্চ ৭৫ শতাংশ। পেনশনভোগীদের মধ্যে যারা ৪০ হাজার টাকার বেশি পান, তাদের জন্য প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত পেনশন বাড়ানো হতে পারে।

এ ছাড়া, চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে। এতে ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীরা মাসে ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীরা ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।