প্রচ্ছদ জাতীয় রণক্ষেত্র ভৈরব

রণক্ষেত্র ভৈরব

কিশোরগঞ্জের ভৈরবে আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বধুনগর গ্রামের ‘নবাব বাড়ি’র আয়াতুউল্লাহ মিয়ার একটি গাছ থেকে আম পাড়তে যায় পার্শ্ববর্তী ‘ফর্সা বাড়ি’র কয়েকজন কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে দুই বাড়ির বড়দের মধ্যে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। এর জেরে মঙ্গলবার সকালে উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে গুরুতর জখম হওয়া মিজান মিয়া ও চাঁন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করা হয়। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ​

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল করিম জানান, আহতদের মধ্যে মিজান, শরীফ মিয়া ও চান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, আম পাড়াকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।