
সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশনার আওতায় পড়বেন।
এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা এক অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার বিধান ছিল। নতুন নির্দেশনায় সেই বিধান সংশোধন করে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।












































