প্রচ্ছদ সারাদেশ সকাল হলেও আলো ফুটবে না আকাশে, বিদ্যুৎ চমকের সঙ্গে হবে দমকা হাওয়া

সকাল হলেও আলো ফুটবে না আকাশে, বিদ্যুৎ চমকের সঙ্গে হবে দমকা হাওয়া

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার তীব্রতা বাড়ছেই। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার মধ্যে দেশের আট বিভাগে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৪ মে) রাতে কালবৈশাখী সংক্রান্ত সতর্কবার্তায় সংস্থাটি জানায়, রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ-এর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়ার নিয়মিত বার্তায় বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা—অর্থাৎ ৫ ও ৬ মে—ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় ৫০ শতাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের প্রায় ২৫ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময়ে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।