প্রচ্ছদ সারাদেশ শনিবার সকালের মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানবে কালবৈশাখী ঝড়

শনিবার সকালের মধ্যে যেসব অঞ্চলে আঘাত হানবে কালবৈশাখী ঝড়

সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। আজ শুক্রবার (০১ মে) দুপুর থেকে আগামীকাল শনিবার (০২ মে) সকালের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ও বিশেষজ্ঞরা। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আগামী ৪ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির বিষয়েও সতর্ক করা হয়েছে।

আঞ্চলিক পূর্বাভাসের বিস্তারিত:

রংপুর বিভাগ: মধ্যরাত (রাত ১০টা) থেকে ভোর ৫টার মধ্যে সব জেলায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে রংপুর ও লালমনিরহাটের কিছু অংশে বৃষ্টিপাত চলছে।

রাজশাহী বিভাগ: দুপুর গড়িয়ে সন্ধ্যা ৭টার মধ্যে অধিকাংশ জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগ: দুপুর থেকে রাত ১২টা পর্যন্ত বিরতি দিয়ে কয়েক দফায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

ঢাকা বিভাগ: ঢাকার উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও দক্ষিণাঞ্চলে এই আশঙ্কা কিছুটা কম। এই পরিস্থিতি কাল ভোর ৫টা পর্যন্ত চলতে পারে।

চট্টগ্রাম ও খুলনা বিভাগ: চট্টগ্রামের উত্তরাংশে রাত ১২টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকলেও খুলনা ও বরিশাল বিভাগে ঝড়ের তীব্রতা তুলনামূলক কম হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আজ দুপুর ১২টার উপাত্ত বিশ্লেষণ করে এই ঝড়ের গতিপ্রকৃতি নির্ধারণ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ৫ মে থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে আসতে পারে। তবে এর আগ পর্যন্ত জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।