প্রচ্ছদ অপরাধ ও বিচার প্যারোলে মুক্তি মেলেনি, জেলগেটেই মৃত বাবাকে দেখলেন ছাত্রলীগ নেতা

প্যারোলে মুক্তি মেলেনি, জেলগেটেই মৃত বাবাকে দেখলেন ছাত্রলীগ নেতা

বাবার মৃত্যুতে প্যারোলে মুক্তি মেলেনি নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল মহানগরের ১৫নং ওয়ার্ডের সভাপতি আহসান শাহরুখের। ফলে বাবার লাশ নিয়ে জেলগেটে যেতে হয়েছে স্বজনদের। বুধবার (২৯ এপ্রিল) বরিশাল জেলগেটেই বাবা-ছেলের শেষ বারের মতো দেখা হয়েছে।

শাহরুখের স্বজন ও বন্ধু আল আমীন জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় শাহরুখের বাবা আবুল বাশার মারা যান। এর আগে, চলতি মাসেই পুলিশের হাতে গ্রেপ্তার হন শাহরুখ। এই নিয়ে ৩ বার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাবার মৃত্যুর ঘটনায় আমরা প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও মুক্তি মেলেনি। পরে জেল গেটে দেখা করতে হবে বলে জানানো হয়। এরপর জেল গেটে লাশ নিয়ে যাই। সেখানেও ৩ জনের বেশি যেতে দেয়নি।

প্যারোলে মুক্তির আবেদন করা আইনজীবী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিন্টু বলেন, প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। তবে অতিরিক্ত জেলা প্রশাসক প্যারোলে মুক্তি দওয়া সম্ভব না জানিয়ে জেল গেটে দেখা করতে বলেছেন।

এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।