
গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত ছেলেকে খুনের পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার করেছে বাবা। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সাকিব (১৮) উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। ঘাতক পিতা সোহেল (৫০) পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা।
পারিবার সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর পড়াশোনার পাশাপাশি চাকরি করে অভাবের সংসারে হাল ধরেছিলেন সাকিব। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় সাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তার পিতা সোহেল। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু নিশ্চিত হলে বাড়ি থেকে বেরিয়ে নিকটস্থ রেললাইনে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক এবং কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।










































