শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

সংঘর্ষের ঘটনাকে ‘ভালোবাসার বাড়াবাড়ি’ বললেন ফেরদৌস, চাইলেন বিচারও

রাজনীতি: নির্বাচনী প্রচারণায় দুপক্ষের সংঘর্ষের ঘটনাকে অস্বীকার করে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ফেরদৌস আহমেদ বলেছেন, আজকের ঘটনা ভালোবাসার বাড়াবাড়ি। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই শনাক্ত করা যায়নি। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষের ঘটনার বিষয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, আমরা যখন মিছিল করে যাচ্ছিলাম তখন আমি একটি বাসায় লিফলেট দেওয়ার জন্য ভেতরে প্রবেশ করি। এরমধ্যে মিছিলের শেষের দিকে অতর্কিত এসে কে বা কারা আমাদের উপর হামলা চালিয়েছে।

তাদের কাউকে আমরা শনাক্ত করতে পারিনি। তবে সিসিটিভি ফুটেজ দেখে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ফেরদৌস বলেন, আপনারা সবাই জানেন একটি চক্র চায় না শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। আমি এতদিন ধরে নির্বাচনী প্রচারণা চালিয়েছি সেখানে কোনো ধরনের সমস্যা হয়নি। সব জায়গায় সবকিছু শান্তিপূর্ণভাবে হয়েছে। আজকের ঘটনা আমার কাছে মনে হচ্ছে পুরোটাই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। কারণ আমার সঙ্গে যে সকল ছেলেরা রয়েছে তাদের সবাইকে আমি বলেছি, আমরা এখানে এসেছি মানুষের সেবা করতে। সেখানে আমরা যেন কারোর বিড়ম্বনার কারণ না হই।

আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমি কাজ করতে গিয়ে কখনো রাস্তা ব্লক করি না। বড় শোডাউন করি না। আমি সবজায়গায় শান্তিপূর্ণ সমাবেশ, উঠান বৈঠক করছি। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, মিছিলের শেষ দিক থেকে কারা এই কাণ্ড ঘটিয়েছে সেটি আমরা জানি না। এটা এক ধরনের অপরাজনীতি। আমরা আগেও দেখেছি একটি পক্ষ হরতাল-অবরোধ দিয়ে আমাদের দেশকে স্থবির করার চেষ্টা করেছে। তারা যখন পারছে না তখন বাসে ট্রেন আগুন দিচ্ছে। এমন ঘটনা যারা ঘটাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের কারণেই এমন ঘটনার সূত্রপাত হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তর নৌকার প্রার্থী বলেন, এ ধরনের কোনো ঘটনা হয়নি। আমি এই ঘটনায় আইনি পদক্ষেপ নেব। ইতোমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছি। স্থানীয় থানা পুলিশ সবাইকে জানিয়েছি। এই ঘটনার আমি যথাযথ শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ এই ধরনের কার্যক্রম আমার নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত করবে।

উল্লেখ্য, ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় সামনে থাকা নিয়ে নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং কলাবাগান থানা ছাত্রলীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা কাটাকাটির জেরে আজ দুপুর আড়াইটার দিকে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে ১০-১২ জনের মতো আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। যদিও মারামারির বিষয়টি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ দুপক্ষ থেকেই অস্বীকার করা হয়েছে।

ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে চলছে অভিনব নির্বাচনী প্রচারণা

ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী মাঠে তিনি এ অভিনব পদ্ধতিতে প্রচার প্রচারণার মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করছেন।

সরেজমিন উপজেলার রবিরবাজার জামে মসজিদের সামনে দেখা যায়, আছলাম রহমানী ভোটারদের কাছে গেলে উৎসুক ভোটাররা পানি পড়া নেওয়ার জন্য পানির বোতল নিয়ে আসেন। অনেক ভোটাররা তাদের শিশুদের কোলে নিয়ে মাথায় ফুঁ দেওয়ার জন্য এ প্রার্থীর কাছে অনুরোধ করছেন। এ ছাড়াও ভোটাররাও তাদের মাথায় ফুঁ দেওয়ানোর জন্য মাথা এগিয়ে দেন। ঝাড়ফুঁক ও পানি পড়া নেওয়া সকলে জানান, পেঠে ব্যথা হলে পানি পড়া খেলে কমে যায়। এ জন্য আছলাম রহমানীর ঝাড়-ফুঁক ও পানি পড়া খুবই উপকারী।

এ ব্যাপারে ইসলামী ঐক্যজোটের সিলেট বিভাগীয় সমন্বয়কারী, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ও মৌলভীবাজারে-২ আসনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেন, আমার ঝাড়-ফুঁক ও পানি পড়া মানুষের কাজে আসে। বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় গেলে লোকজন আমাকে দেখে ভিড় করে ঝাড়-ফুঁক ও পানি পড়িয়ে নিয়ে যায়।

থানার হাজত থেকে পালিয়েছে নারী আসামি

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানার হাজতখানার ভেতর থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পলাতক ওই আসামির নাম লাবনী আক্তার (২০)। তাকে গেলো শুক্রবার দুপুরের দিকে ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে।

শনিবার (৩০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

তিনি বলেন, এই নারীর বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। গতকাল আমরা ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছি। ভোর রাতে সে পালিয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটে থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরদিন আদালতে পাঠানোর জন্য রাতের বেলা আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে পাঠাতে এসে পুলিশ আসামিকে খুঁজে না পেলে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।

প্রসঙ্গত, আসামিকে খুঁজে বের করতে আদাবর থানা পুলিশের কয়েকটি টিম কাজ করছে

গরিব লোকেরাই দেশে বেশি পয়সা পাঠায় : পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়: দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ নিয়ে আক্ষেপ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গরিব লোকেরাই (শ্রমিক) দেশে বেশি পয়সা (রেমিট্যান্স) পাঠায়। যারা একটু শিক্ষিত তারা টাকা-পয়সা কম পাঠান।

শনিবার (৩০) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের লোকেরা তাদের পরিবারের জন্য দেশে টাকা পাঠায়।

সেই সুযোগে সরকার রেমিট্যান্স পায়। তবে রেমিট্যান্স খুব বেশি না। রেমিট্যান্স পাঠানোর দিক দিয়ে আমরা সপ্তম। আমাদের চেয়ে অনেক অল্পসংখ্যক লোকের দেশ ফিলিপিন কিংবা মেক্সিকো অনেক রেমিট্যান্স পাঠায়, ভারত রেমিট্যান্সে সর্বোচ্চ। রেমিট্যান্সে আমরা অনেক কম। এর একটি বড় কারণ হচ্ছে, আমাদের যেসব প্রবাসী যাচ্ছেন তাদের বিরাটসংখ্যক দক্ষতা সম্পন্ন নয়।

‘মধ্যপ্রাচ্যে আমাদের মাত্র দেড় পার্সেন্ট প্রবাসী আছেন যারা দক্ষ। কিন্তু এই গরিব লোকেরাই বেশি পয়সা পাঠান। যারা একটু শিক্ষিত, তারা টাকা-পয়সা কম পাঠান।’ বক্তব্যে যোগ করেন মন্ত্রী।

প্রবাসীদের সেবা নিয়ে বিভিন্ন সময়ে উঠে আসা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রায়ই অভিযোগ করা হয় পাসপোর্ট দিতে দেরি করছে, অভিযোগ করা হয় এনআইডি তারা পান না। অভিযোগ করা হয় বিদেশে অনেক প্রবাসী গিয়ে চাকরি নাই। মধ্যপ্রাচ্য থেকে চাকরির অভাবে ৩৫ পার্সেন্ট ফিরে আসে। কিন্তু এগুলোতে সব দায়-দায়িত্ব দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট ইস্যু করে না। পররাষ্ট্র শুধু বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেয়। তারা (স্বরাষ্ট্র) যাচাই-বাছাই করে পাসপোর্ট তৈরি করেন। যখন তারা (স্বরাষ্ট্র) তৈরি করেন পররাষ্ট্র সঙ্গে সঙ্গে তাদের বিতরণ করেন। কিন্তু বাজারে কথা আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট দিতে দেরি করে।

কর্মীদের বিদেশ গিয়ে চাকরি না পাওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদেশে গিয়ে অনেকে চাকরি পান না। পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি জোগাড় করে না। বিএমইটি (জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো) আগে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাত- এ রকম একটা কোম্পানি থেকে চাহিদা এসেছে ওদের যাচাই-বাছাই করা দরকার। সম্প্রতি এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খবরই দেন না তারা। তারপর আমরা জানি না, এটা ভুয়া কোম্পানি না কি, তার কোনো তথ্য পাওয়া যায় না। এ ব্যাপারে সবাই সজাগ হতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী প্রবাসে অবস্থানরত অনেক বাংলাদেশির প্রতি অভিযোগ করে বলেন, প্রবাসীরা অনেক সময় বানোয়াট তথ্য প্রচার করেন। শান্তি ও স্থিতিশীলতা থাকায় দেশের উন্নয়ন হয়েছে। যে সমস্ত দেশে শান্তি ও স্থিতিশীলতা নাই সে সমস্ত দেশ বড় কষ্টে আছে। আগামীতে তারা সেগুলো থেকে বের হয়ে দেশে যে ভালো ভালো কাজ হচ্ছে সেটা প্রকাশ করবেন। যেন দেশে অশান্তি না হয়, যেন স্থিতিশীলতা বজায় থাকে। দেশে অস্থিতিশীলতা থাকলে সবাইকে ভুগতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।

বিএনপি ভোটে বাধা দিলে মোকাবিলার প্রস্তুতি আছে: সিইসি

রাজনৈতিক : ভোট প্রতিহতের নামে বিএনপি ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দিলে তা নির্বাচনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নির্বাচন কমিশনের রয়েছে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (৩০ ডিসেম্বর) সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভাশেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে হাবিবুল আউয়াল বলেন, ‘যেকোনো নির্বাচনেই কিছুটা চ্যালেঞ্জ থাকে। আমি চ্যালেঞ্জ দেখছি কিনা? আপনারাও দেখছেন যে, বিএনপি..একটি দল, ওরা নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং জনগণকে আহ্বান জানাচ্ছে, নির্বাচন বর্জন করার জন্য। এটা যদি ওভাবেই বলেন, শান্তিপূর্ণভাবে, এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ নয়।

‘গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক অধিকারের মধ্যে কোনো একটা নির্বাচনের পক্ষে যেমন বলা যায়। সেই নির্বাচনের সমালোচনা করাও সম্ভব,’ বলেন সিইসি। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা যেটা বলেছি, নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। এখন যদি তারা নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করে, তাহলে একটা চ্যালেঞ্জ আসবে এবং সেটা আমাদেরকে মোকাবিলা করতে হবে।’

সিইসি বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে, তারা যেন বোঝার চেষ্টা করে যে, আসলেই কি তারা (বিএনপি) পিসফুল ম্যানারে নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছে? যদি ওর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের কোনো সংকট নেই।

‘কিন্তু নির্বাচনের দিন বা আগে তাদের (বিএনপি) অবস্থান যদি পরিবর্তন হয়, নির্বাচনকে প্রতিহত করার কোনো কার্যক্রম গ্রহণ করে, ভোটারদেরকে যদি ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করা হয়, তাহলে অবশ্যই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি আমাদের রয়েছে,’ বলেন হাবিবুল আউয়াল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারিক ক্ষমতা আজ পর্যন্ত কখনোই সশস্ত্র বাহিনীকে দেয়া হয়নি। ম্যাজিস্ট্রেসি হচ্ছে জুডিশিয়াল পাওয়ার। ‘বিচারিক ক্ষমতা ও সশস্ত্র ক্ষমতা একসাথে দেওয়ার কোনো নজির নাই এবং আমাদের দেশেও অতীতে কখনোই এটা দেয়া হয়নি,’ বলেন সিইসি।

হাবিবুল আউয়াল বলেন, আমরা বিশ্বাস করি, সশস্ত্র বাহিনীর সদস্যরা যখন রাস্তায় থাকবেন। তাদের যে উপস্থিতি, তাদের যে বিচরণ, সেটা নির্বাচনের জন্য একটা বড় ধরনের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, মানুষ আস্থাশীল হবে।

শক্তিশালী ভূমিকম্প

আবহাওয়া : ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় (৩০ ডিসেম্বর) সকালের দিকে আচেহ প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আচেহ প্রদেশের উপকূলীয় শহর সিনাবাং থেকে ৩৬২ কিলোমিটার দূরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি উৎপত্তি হয়। ভূমি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হওয়ায় আচেহতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিজ্ঞান সংস্থা বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্প পরবর্তী আফটারশকের বিষয়ে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত ২১ নভেম্বর ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে কমপক্ষে ৩৩১ জনের প্রাণহানি ঘটে। এই ভূমিকম্পে আহত হন আরও প্রায় ৬০০ জন।

ইন্দোনেশিয়া বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ নিয়ে নানা দুর্যোগের মুখোমুখি হয়।

ফ্লাইওভারের নিচে আটকে গেলো বিমান

আর্ন্তজাতিক: ফ্লাইওভারের নিচে বিমান আটকে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের মতিহারি শহরে। ফ্লাইওভারের নিচে বিমান আটকে যাওয়ায় শহরটি ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়।

গতকাল শুক্রবার বিহারের মতিহারির পিপরাকোঠিতে পরিত্যক্ত একটি বিমানকে ট্রেইলার ট্রাকে করে মুম্বাই থেকে আসামে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় একটি ফ্লাইওভারে বিমানটি আটকে গেলে ভারতের ২৭ নং জাতীয় মহাসড়কে ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়। ফ্লাইওভারের নিচে আটকে থাকা বিমানটিকে এক নজর দেখার জন্য অনেক লোকের সমাগম হয়। অনেকে সেলফি তোলার পাশাপাশি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

মূলত ট্রাক চালকের ভুলেই এমন ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ট্রাক চালক ভেবেছিলেন, তিনি তার ট্রাকের ওপর থাকা বিমানটি নিয়েই ফ্লাইওভারের নিচে দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু তা হয়নি। পরে অবশ্য বিমানটি তার গন্তব্যের পৌঁছায়। এর আগে ২০২২ সালের নভেম্বরেও ভারতের অন্ধ্রপ্রদেশে একই ঘটনা ঘটেছিল।

নৌকায় ভোট চেয়ে বিএনপি নেতা বললেন, ‘আমি পরিস্থিতির শিকার’

রাজনৈতিক : গাজীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসির পথসভায় উপস্থিত হয়ে নৌকায় ভোট চেয়েছেন বিএনপির নেতা আকরাম হোসেন। আকরাম হোসেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

আজ শনিবার দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর উত্তরপাড়া এলাকায় অধ্যাপক রুমানা আলী টুসির ওই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আকরাম হোসেন বলেন, ‘আমি রাজনৈতিক বক্তব্য দেব না। আমি শুধু একটি কথাই বলবো, দলমত নির্বিশেষে সকলেই নৌকা প্রতীকে আগামী সংসদ নির্বাচনে ভোট দেবেন।’

নৌকায়া ভোট চাওয়ার ব্যাপারে জানতে চাইলে আকরাম হোসেন বলেন, ‘এটা আসলে এরকম কিছু না। আমার বাড়ির পাশে পথসভা ছিল। সেখান দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম।

আমি একটা পরিস্থিতির শিকার।’ তাৎক্ষণিকভাবে এর বেশি কিছু বলতে চাননি তিনি। গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হক মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নৌকার প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসিসহ শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান,

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার বলেন, ‘আকরাম হোসেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

বিএনপির ওই পদে থেকে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে নৌকায় ভোট চেয়েছেন তিনি। এমন একটি ভিডিও আমরা পেয়েছি। বিষয়টি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। কেন্দ্রকেও অবহিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যে কোনো কিছুর বিনিময়ে ভোট থেকে সরে আসার প্রস্তাব পেয়েছি

রাজনৈতিক : দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, ভোট বানচাল করতে যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচন থেকে আমাক সরে আসতে প্রস্তাব দেওয়া হয়েছে।

শনিবার ( ৩০ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ-১ আসন রূপগঞ্জে নির্বাচনী প্রচার শুরু করার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় শুক্রবারের তৃণমূল বিএনপির বিরুদ্ধে করা সংবাদ সম্মেলন নিয়ে তৈমুর বলেন, যারা নানা অভিযোগ করেছে, তারা এ দলের কেউ না। আসল কথা হলো নির্বাচন বানচাল করতে চেষ্টা করা হচ্ছে।

তৈমুর বলেন, অভিযোগ যারা করেছে ব্যানারে যাদের নাম দেখলাম, প্রধান অতিথি হিসাবে এবং সভাপতি হিসেবে তাদের কাউকে দেখলাম না। আর নির্বাচন কে বানচাল করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। আমাকে পর্যন্ত অফার দেয়া হয়েছে, নির্বাচন থেকে সরে আসার জন্য যে কোনো কিছুর বিনিময়ে। আমি বলেছি, জীবনের বিনিময়ে হলেও আমি যেটার কথা দিয়েছি তার বাইরে যাবো না।

রূপগঞ্জের মানুষ তাদের মনের কাঙ্ক্ষিত প্রার্থী খুঁজে পেয়েছে জানিয়ে তিনি বলেন, এতদিন মানুষ মুখ খুলতে পারে নাই। এই রূপগঞ্জ শাসক দলের অধীনে ছিল। রূপগঞ্জের ব্যবসা-বাণিজ্য ও নদী-খাল দখল সবাই তাদের অধীনে ছিল। এখানে দল-মত নির্বিশেষে সবাই নির্যাতিত। এই নির্যাতিত ব্যক্তিগুলো এখন আমার পাশে এসে দাঁড়িয়েছে। মানুষ এখন মুখ খুলতে শুরু করেছে। আমি লক্ষ্য করেছি, আমি আগে যেখানে গেলে ৫০-৬০ জন মানুষ হতো এখন শত শত মানুষ সেখানে জড়ো হয়।

স্ত্রীর ‘২০তম’ জন্মদিনে যে বার্তা দিলেন সাকিব

বিনোদন : ইনজুরির কারণে খেলার মাঠে না থাকলেও, ব্যস্ততার কমতি নেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের। মাগুরা-১ আসন থেকে সংসদ নির্বাচন করছেন তিনি। নির্বাচনী প্রচারণায় নিজের এলাকায় সাকিব ব্যস্ত সময় পার করছেন। যে কারণে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিনে পরিবারের কাছে যেতে পারেননি টাইগার ক্রিকেটার। তবে ঠিকই তিনি শিশিরের ৩৪তম জন্মদিনের বার্তা এবং কেক পাঠিয়ে দিয়েছেন। তার প্রশংসা করে পাঠানো বার্তায় মজার এক তথ্য সামনে এনেছেন শিশির।

স্বামী সাকিব নাকি প্রশংসার সুরে শিশিরের বয়স মাত্র ‘২০’ হয়েছে বলে উল্লেখ করেছেন। নিজের জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনটাই জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শিশির। জন্মদিনে স্ত্রীর পাশে না থাকতে পারলেও বিশেষ ভালোবাসা পাঠিয়েছেন সাকিব। তার পাঠানো ফুল ও কেক পেয়ে শিশিরও উচ্ছ্বসিত।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শিশির লিখেছেন, ‘বাচ্চাদের কাছে আমার স্বামী জানিয়েছে– আমি নাকি আজ ২০ বছরে পা দিয়েছি। এটিকে আমি প্রশংসা হিসেবে নিচ্ছি এবং সবাইকে দারুণ সব শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ।’

আরেকটি পোস্টে কেক-এর ছবি দিয়ে সাকিবপত্নী আরও লিখেন, ‘সে কখনোই আমাকে বিশেষ মুহূর্ত এনে দিতে ভোলে না। এমনকি অনেক ব্যস্ততম সময়েও আমার জন্য জন্মদিনের ভালোবাসা পাঠিয়েছে। নিজেকে বিশেষ কেউ ভাবতে এর বেশি কিছু হতে পারে না।’

উল্লেখ্য, ১৯৮৯ সালে নারায়ণগঞ্জে জন্ম শিশিরের। প্রেমের সম্পর্কে জড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের সঙ্গে তার বিয়ে হয় ২০১২ সালে। এরই মধ্যে তাদের ঘর আলোকিত করে এসেছে তিন সন্তান। বড় মেয়ে অ্যালাইনা আল হাসানেরও বয়স ৮ বছর পেরিয়েছে। সাকিব মাগুরায় নির্বাচনী কাজে ব্যস্ত, অন্যদিকে তার পরিবার রয়েছে যুক্তরাষ্ট্রে।

সর্বশেষ আপডেট...

সর্বাধিক পঠিত...