
সুনির্দিষ্টভাবে দুর্নীতি, অনিয়ম প্রমাণ করতে পারলে দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘এই যে ছয় মাস দায়িত্বে আছি, যে যত কথাই বলুক, স্পেসিফিকভাবে কেউ কোনো দুর্নীতি, অনিয়ম প্রমাণ করতে পারবেন না। যেদিন প্রমাণ করবেন, সেদিন দায়িত্ব ছেড়ে দেব।’ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘আমরা যে পরিবর্তনের লড়াই শুরু করেছি, তার শেষ আমরা দেখে যেতে চাই। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।’
এনসিপির সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তথাকথিত এনসিপিকে দাঁড় করাতে আওয়ামী মাফিয়া লুটেরাদের পুনর্বাসন করেছিল। এনসিপির নেতাদের শত শত কোটি টাকার মালিক বানিয়েছে। শুধুমাত্র একজন উপদেষ্টা নয়-তথাকথিত ছাত্র উপদেষ্টা যারা ছিল, সঠিকভাবে তদন্ত করলে, প্রত্যেকের অন্তত শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে।’
এনসিপির ৮০ শতাংশ নেতা অতীতে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন দাবি করে তিনি বলেন, ‘জামায়াতের প্রভাব থেকে বেরিয়ে বিকল্প রাজনীতি না করলে তাদের টিকে থাকা কঠিন হবে।’
জামায়াতের সমালোচনা করে নুর বলেন, ‘তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দ্বি-চারিতা করছেন। রাজপথে একরকম আর সংসদে আরেক রকম অবস্থান নিচ্ছেন।’
সভায় গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, আরিফুর রহমান, মো. ইউনুস, আরিফুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিব উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল প্রমুখ বক্তব্য দেন।













































