প্রচ্ছদ জাতীয় হাসিনাকে ফেরাতে ভারত যা চায়

হাসিনাকে ফেরাতে ভারত যা চায়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত। একইসাথে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীকে তার মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে বলে প্রত্যাশা ভারতের। তাকে নতুন করে বিচারের মুখোমুখি করারও সুযোগ দেয়ার কথা বলেছে ভারত। ভারতের সরকারি ও সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করা হয়। বিবিসি বাংলার প্রতিবেদনকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন টেলিগ্রাফ। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতন ঘটার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর দুই বছরেরও বেশি সময় পর তিনি জানান, ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরতে চান। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে হাসিনার ফেরাবিষয়ক ভারতের শর্তগুলো নিয়ে জানতে চাওয়া হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে তার কিছু বলার নেই। তবে বাংলাদেশ বা ভারত কোনো দেশের সরকারই আনুষ্ঠানিকভাবে এই শর্তগুলোর কথা নিশ্চিত করেনি।

২০২৪ সালের ৫ই আগস্ট একটি সামরিক বিমানে করে ভারতে পৌঁছান হাসিনা। প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি চায় তার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করুক। এই প্রক্রিয়া আকাশ বা স্থলপথে সম্পন্ন হতে পারে। দিল্লি থেকে তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠাতে পারে। অথবা স্থল সীমান্তের কোনো নির্দিষ্ট স্থানে সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে। নয়াদিল্লি এর জন্য প্রয়োজনীয় সব লজিস্টিক ব্যবস্থা করতেও প্রস্তুত।

দ্বিতীয় শর্তটি ২০২৪ সালের অভ্যুত্থানে দমনপীড়নের অভিযোগে হাসিনার সাজা সংক্রান্ত। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রতিবেদন অনুযায়ী, ভারত চায় ঢাকা যেন তাকে এই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেয় এবং জুলাই গণহত্যার অভিযোগের বিচার নতুন করে শুরু করার নিশ্চয়তা দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জেনেশুনে ফাঁসি দেয়ার জন্য কখনোই তাকে হস্তান্তর করতে পারে না ভারত। তিনি আরও জানান, ভারত চায় আন্তর্জাতিক ও গণমাধ্যমের নজরদারিতে হাসিনার একটি নতুন এবং সুষ্ঠু বিচার হোক।

ঢাকা বারবার হাসিনাকে ফেরত চেয়েছে। গত ৯ই নভেম্বর তিনি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের প্রদানের জন্য বৃটিশ এক ল’ ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি প্রেরণ করেন। দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। রয়টার্সের খবর অনুযায়ী, সরকার তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। হাসিনা রয়টার্সকে জানান, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।

ডিসেম্বরের পরিকল্পনা ঘোষণার আগেই ভারতীয় কর্মকর্তারা হাসিনার সাথে তার ফেরার বিষয়ে আলোচনা করেছিলেন। নয়াদিল্লি কয়েক মাস ধরে ঢাকার সাথে অনানুষ্ঠানিক আলোচনা চালিয়ে আসছিল। সামরিক পদক্ষেপের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সমন্বয় এবং তাকে রক্ষা করার বিষয়ে তারা আগ্রহী ছিল। গত ৬ই অক্টোবর দিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় যে, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তবে এক সামরিক সূত্র এই বৈঠককে হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর সম্ভাব্য ভূমিকা নিয়েও আলাপ হওয়ার সম্ভাবনার কথা জানান।

এদিকে শুক্রবার এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বলেন, অন্য দেশগুলো হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়। তাই বাংলাদেশে ফেরাকেই তিনি তার শেষ বিকল্প হিসেবে দেখছেন। বিবিসি বাংলার খবরে বলা হয়, ডিসেম্বরে তার ফেরাটা অসম্ভব বলে মনে করছেন ভারতীয় কর্মকর্তারা। বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।