প্রচ্ছদ জাতীয় শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত...

শেখ হাসিনার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত মোজেনা

ভারতে শেখ হাসিনার অবস্থান যেন বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেওয়া উচিত নয়।

বাংলাদেশের একটি ইংরেজি সংবাদমাধ্যম সঙ্গে সাক্ষাতকারে মোজেনা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অবশ্য কিছুটা স্পষ্ট মন্তব্য করেছেন মোজেনা।

এ বিষয়ে জানতে চাইলে প্রথমে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি। তিনি বলেন, শেখ হাসিনা ও তার ভূমিকা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আওয়ামী লীগের লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্য রয়েছেন।’

পরে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নিশ্চিত করে বলা কঠিন। তবে আমার ব্যক্তিগত ধারণা, তার সময় এসেছে এবং সেই সময় শেষও হয়েছে।

তবে রাজনৈতিক আলোচনায় হাসিনার উপস্থিতি অব্যাহত থাকতে পারে বলে মনে করেন তিনি।

মোজেনা বলেন, এর অর্থ এই নয় যে তার কাছ থেকে আর কোনো বক্তব্য শোনা যাবে না। তবে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসার ক্ষেত্রে আমার ধারণা, সেটি আর হবে না।

এ সময় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎকে আলাদা করে দেখার বিষয়টিও স্পষ্ট করেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে টানা ১৫ বছরের বেশি সময় দেশ শাসন করেছে দলটি।

তবে শেখ হাসিনাকে ভারতের প্রত্যর্পণ করা উচিত কি না, সে বিষয়ে মন্তব্য করতে চাননি মোজেনা।

তিনি বলেন, ভারতের কী করা উচিত বা উচিত নয়, সে বিষয়ে আমার বিশেষ কোনো ধারণা নেই। আমি এই বিষয়টি নিয়ে আলোচনায় যেতে চাই না।

বরং বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটিকেই গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।