
ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে গ্রেপ্তার হওয়া বিউটি পার্লারের মালিক হনুফা আক্তার সাথী জামিনে মুক্তি পেয়েছেন। সরকারবিরোধী বক্তব্যের কারণে নয়, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে প্রতিরোধমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকার সাথী বিউটি পার্লারের স্বত্বাধিকারী হনুফা আক্তার সাথী (৩০) তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে প্রায় দেড় থেকে দুই শ মানুষ তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয়।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্তব্য কোনো অপরাধ সংঘটন প্রতিরোধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় সাথীকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২৬ অক্টোবর তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বুধবার আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।
জেলা পুলিশ স্পষ্ট করেছে, সরকারবিরোধী কোনো বক্তব্য দেওয়া বা মতামত প্রকাশের কারণে সাথীকে গ্রেপ্তার করা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং আইনি বাধ্যবাধকতা থেকেই এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।









































