
এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে নেতা-কর্মীরা বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্বরসহ বিভিন্ন জায়গা থেকে এমপি আজিজের ব্যানার ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলছে।
মঙ্গলবার রাতে আশফাক আহমেদ নামে প্রবাসী এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে তিনটি ভিডিও প্রকাশ পায়। প্রায় পাঁচ মিনিটের তিনটি ভিডিও ক্লিপে এমপি আব্দুল আজিজকে জনৈক কোনো নারীর সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর কথা বলতে দেখা যায়। এমন কী এ সময় তিনি নানা ধরনের অঙ্গভঙ্গি প্রদর্শন করেন।
তবে ভিডিও ভাইরাল হওয়ার পর এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য ও এমপি আব্দুল আজিজের কোনো ধরনের প্রতিক্রিয়া জানা যায়নি।
এদিকে নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার বিকালে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাতে শাকিলের জানাজায় আব্দুল আজিজ বক্তব্য দেয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতা-কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
এরপরই এমপি আব্দুল আজিজের ওই আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। এমন আপত্তিকর ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এমনকি বিএনপির জেলা নেতৃবৃন্দসহ ছাত্রদল যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং তার রাজনৈতিক সহকর্মীরা এমপি আজিজের পদত্যাগ দাবি করেন।









































