প্রচ্ছদ জাতীয় নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন

ক্ষমতা ও সন্ত্রাসের রাজনীতি এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতার কারণে নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।তিনি ‘সন্ত্রাসের রাজনীতি’ এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতা বন্ধে বিএনপির প্রতি  আহ্বান জানিয়েছেন।

নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেছেন, প্রতিহিংসা ও ক্ষমতার রাজনীতি দেশের জন্য ক্ষতিকর।বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাদিক কায়েম।পোস্টে তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের পর থেকে বিএনপির সন্ত্রাসী রাজনীতির শিকার হয়েছেন অসংখ্য মানুষ।

মিটফোর্ডে পাথরকাণ্ডে নিহত সোহাগের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার নিজ দলের নেতাকর্মীদের হাতে নিহত হয়েছেন নাটোর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। বিএনপির এক সংসদ সদস্যের দুই ছেলের বিরোধের জেরে শাকিলকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।শাকিল হত্যাকাণ্ডের পর কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সাদিক কায়েম বলেন, স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ একজন নেতা নিহত হওয়ার পরও দলের নির্বাক অবস্থান বিস্ময়কর।

প্রতিবাদ যদি দলীয় স্বার্থ ও রাজনৈতিক হিসাব-নিকাশের কাছে জিম্মি হয়ে পড়ে, তাহলে ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য ক্ষতিকর হয়ে উঠবে।বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, খুন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে তিনি বলেন, গত দুই বছরে দলটির বেপরোয়া রাজনীতিতে দেশবাসী অতিষ্ঠ।

তার অভিযোগ, গুরুতর অপরাধের ক্ষেত্রেও নামমাত্র বহিষ্কারের মাধ্যমে অভিযুক্তদের দায়মুক্তি দেওয়া হচ্ছে।সাদিক কায়েম বলেন, প্রতিহিংসার রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির নিজস্ব নেতাকর্মীরাও নিরাপদ নন।বিএনপিকে সন্ত্রাসের রাজনীতি ও অপরাধীদের পৃষ্ঠপোষকতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণের ঘৃণা ও প্রত্যাখ্যানের মুখে দলটিকে এই অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে।