প্রচ্ছদ জাতীয় পদত্যাগের পর ইশরাককে ফোন বিরোধীদলীয় নেতাদের, কী বলেছিলেন তারা?

পদত্যাগের পর ইশরাককে ফোন বিরোধীদলীয় নেতাদের, কী বলেছিলেন তারা?

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর ঢাকা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের পাশে বিরোধী দলের অনেক নেতা দাঁড়িয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। তারা সরাসরি ফোন দিয়ে তার কাজে সমর্থন জানিয়েছেন বলেও জানিয়েছেন ইশরাক।

একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এটি প্রকাশ করা হয়। বিরোধী দলের নেতাদের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘তাদের মধ্যে বেশিরভাগই আমাকে সরাসরি ফোন করে বলেছেন, আমরা আপনার সঙ্গে আছি।’

তিনি আরও বলেন, ‘আপনার যেকোনো কর্মকাণ্ডে আমরা পাশে থাকব। এটি একটি ব্যাধিতে পরিণত হয়েছে, সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আপনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমরাও আপনার সঙ্গে থাকতে চাই। এ ধরনের কথা বলেছেন অনেকে।’

এমন সিদ্ধান্তে দলের প্রতি তার কোনো ক্ষোভ আছে কি না, জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, ‘দল কখনোই চাইবে না, মন্ত্রিসভার কোনো সদস্য পদত্যাগ করুন। তিন-চারটি দৈনিক পত্রিকা পরিকল্পিতভাবে সিন্ডিকেট তৈরি করেছে। তারা যেকোনো উপায়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আমার নেতা, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।’