প্রচ্ছদ আন্তর্জাতিক চলছে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানে কী অবস্থায় আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

চলছে যুক্তরাষ্ট্রের হামলা, ইরানে কী অবস্থায় আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থায়ী চুক্তি আলোচনা এবং ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে চলমান কর্মসূচির মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে খামেনিকে শেষশ্রদ্ধা জানাতে গত শুক্রবার (৩ জুলাই) এনসিপি, জামায়াত ও খেলাফত মজলিসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটিতে যায়। তবে জানা গেছে, প্রতিনিধি দলের মধ্যে শুধু এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানে এখনও অবস্থান করছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মুঠোফোনে চ্যানেল 24-কে তিনি তার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ছয়জন প্রতিনিধি ছিলাম, এরমধ্যে পাঁচজন চলে গেছে। আমার ফ্লাইট একটু পরে ছিল, তাই আমি এখনও আছি।’

আগামীকাল শুক্রবার সকাল সাতটায় দেশে ফিরবেন তিনি। পাটওয়ারী জানান, ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইস্তাম্বুল হয়ে তিনি দেশে এসে পোঁছাবেন।

কী অবস্থায় আছেন এবং ইরানে এখন পরিস্থিতি কেমন এ বিষয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা এখানে নিরাপদে আছি। এখনও আন্তর্জাতিক প্রতিনিধিরা অনেকেই এখানে আছেন। হামলা মূলত হচ্ছে ইরানের উত্তরাঞ্চলে, আমরা আছি দক্ষিণের দিকে। মাশহাদে হামলা হয়েছে, বন্দর আব্বাসে হয়েছে। তবে, আমাদের এদিকে এখনও হয়নি। আমরা সেফ আছি।’

এর আগে ফেব্রুয়ারি-মার্চে শুরু হওয়া হামলার ধ্বংসাবশেষ নিজ চোখে দেখেছেন বলেও জানান পাটওয়ারী। বলেন, ‘ফেব্রুয়ারি-মার্চে চালানো হামলায় অনেক ভবন ধসে পড়েছে, সেগুলো দেখেছি। তবে বর্তমানে এখানে মানুষের জীবনযাত্রা, সবকিছুই স্বাভাবিক আছে। অস্বাভাবিক কিছু এখনও চোখে পড়েনি। যেভাবে মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, বাস্তবে এ ধরনের কোনো কিছু দেখছি না।’

.