
রাজধানীর কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি আবাসিক বাসায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসের ভয়াবহ বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। বুধবার (১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিট বক্স কালভার্ড রোডের আবুল বাশারের সাততলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। গ্যাস জমে থাকা কক্ষে দিয়াশলাই জ্বালাতেই মুহূর্তের মধ্যে ঘটে যায় এই বিস্ফোরণ।
দগ্ধরা হলেন—রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তারা তিনজনই বন্ধু এবং পান্থপথ এলাকার বিভিন্ন ফার্নিচারের দোকানে কাজ করেন।
আহতদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, ওই ভবনের নিচতলায় জুয়েল তার পরিবারের সঙ্গে থাকতেন। পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকায় বুধবার রাতে দুই বন্ধু রানা ও পারভেজকে তিনি বাসায় নিয়ে যান। রাতে কক্ষের ভেতরে আলো জ্বালাতে দিয়াশলাইয়ের কাঠি জ্বালাতেই জমে থাকা গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় তিন বন্ধু দগ্ধ হন।
তিনি অভিযোগ করেন, বাড়িটির নিচ তলায় জুয়েলের বাসার নিচেই সেফটিক ট্যাংক। তাদের রুমের ফ্লোরটি সব সময় অস্বাভাবিক গরম হয়ে থাকত। এ বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এছাড়া ওই ভবনের পাশ দিয়ে হাঁটার সময় দীর্ঘদিন ধরেই গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে, সেই গ্যাস রুমের ভিতর জমে ছিল।
এদিকে, দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সূত্র : চ্যানেল২৪










































