প্রচ্ছদ জাতীয় ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে কোন দেশ

ব্রাজিল নাকি আর্জেন্টিনা—স্বাধীন বাংলাদেশকে আগে স্বীকৃতি দিয়েছে কোন দেশ

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে ব্রাজিল ও আর্জেন্টিনা শুধু দুটি দেশের নাম নয়, আবেগেরও প্রতীক। বিশ্বকাপ এলেই এই দুই দলকে ঘিরে সমর্থকদের উন্মাদনা, তর্ক-বিতর্ক ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

তবে ফুটবলের বাইরেও স্বাধীন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি জায়গা রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। কারণ, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার তালিকায় ওপরের দিকে আছে দক্ষিণ আমেরিকার এই দুই দেশ।

প্রায় ৯ মাস মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয় বাংলাদেশ। বিজয় অর্জনের ১০ দিন আগেই (৬ ডিসেম্বর) প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান।

এর কয়েক ঘণ্টা পর ভারতও স্বীকৃতি দেয়। এর পর থেকে যতগুলো দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, সবই বিজয় অর্জনের পর।
ইতিহাস বলছে, ১৯৭২ সালের ১৫ মে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল। দেশটির রাজধানী ব্রাসিলিয়ার বাংলাদেশ দূতাবাসে এই তারিখের উল্লেখ আছে।

বাংলাদেশ-ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের সূচনাও হয়েছে ১৯৭২ সালে। ২০২২ সালে দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করে।

আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি দেয় ব্রাজিলের ঠিক দশ দিন পর; ১৯৭২ সালের ২৫ মে। ওই দিন থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হয়।

আর্জেন্টিনার সরকারি ডিক্রিতে স্পষ্ট বলা আছে, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যৌথ ঘোষণাপত্র ২৫ মে ১৯৭২ তারিখে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্বাক্ষরিত হয়।