প্রচ্ছদ খেলাধুলা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

জাপানের বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়। পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। প্রতিপক্ষ কে হবে, তা জানার অপেক্ষায় ছিল কার্লো আনচেলত্তির দল। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচ শেষে চূড়ান্ত হলো প্রতিপক্ষও।

শেষ ১৬-র লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে নরওয়ে। আগামী ‍৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে একবারের দেখায় নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা স্বস্তিদায়ক নয়। এর আগে দুই দল চার ম্যাচে মুখোমুখি হয়েছিল। ইউরোপিয়ান দলটিকে একবারও হারাতে পারেনি লাতিন পরাশক্তিরা। দুটি ম্যাচ হেরেছে ব্রাজি ও দুটি ম্যাচ ড্র হয়েছে।

১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। বেবেতো ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন। তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল নরওয়েজিয়ানদের হয়ে গোল পান।

একমাত্র দেখায় জয়ের পাশাপাশি ব্রাজিলকে আরও একবার হারিয়েছে প্রীতি ম্যাচে। অন্য দুটি ড্রও প্রীতি ম্যাচে হয়েছিল। ১৯৮৮ সালে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। নরওয়ের আরেকটি জয় ১৯৯৭ সালের ৩০ মে ৪-২ গোলে। শেষবার তারা মুখোমুখি হয়েছিল ২০০৬ সালের আগস্টে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

অবশ্য, রেকর্ড-পরিসংখ্যানের চেয়ে মাঠের খেলায় দিনশেষে ফলাফল নির্ধারণ হবে। শুরুর ধাক্কা কাটিয়ে এবারের আসরে দারুণ ছন্দে ফিরেছে ব্রাজিল। অন্যদিকে, গোল মেশিন আর্লিং হালান্ডে ভর করে বিশ্বকাপ প্রত্যাবর্তনটা রাঙাচ্ছে নরওয়ে। দুই দলের লড়াইয়ে কে জিতবে, সেটা সময়ই বলে দেবে।