
আগামী ২৯ জুন হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হবে জাপান ও ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে টপকে শেষ ষোলোতে ওওঠার কাজটি কঠিন হলেও অসম্ভব মনে করছেন না কোচ হাজিমে মোরিয়াসু কিংবা তার শিষ্যরা।
টুর্নামেন্টের শুরু থী সেটারই প্রমাণ দিয়ে এসেছে জাপানিজরা। আর রেকর্ডও কথা বলছে জাপানিজদের পক্ষে। গত বছরের সেপ্টেম্বরে টোকিওতে এক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল তারা। সেই জয়ই যেন বদলে দিয়েছে দলের মানসিকতা। এরপর টানা ১০ ম্যাচ অপরাজিত রয়েছে জাপান। এই সময়ে তারা ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েম্বলিতে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে এবং তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। তিউনিসিয়ার বিপক্ষে সেই জয়ে বিশ্বকাপ ইতিহাসে কোনো এশীয় দল হিসেবে এক ম্যাচে চার গোল করার বিরল কীর্তিও গড়েছে তারা।
দারুণ ধারায় থাকা জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকির মতে, অপরাজিত ধারার আত্মবিশ্বাস নিয়ে ব্রাজিলের মুখোমুখি হওয়া তাদের জন্য বড় ইতিবাচক দিক। তবে ব্রাজিলকে হালকাভাবে নিচ্ছে না দলটি। দলটির কোচ মোরিয়াসু মনে করেন, গত সেপ্টেম্বরে জাপানের কাছে হারার স্মৃতি ব্রাজিলকে আরও সতর্ক ও অনুপ্রাণিত করবে। তবু তিনি মনে করিয়ে দিয়েছেন, সেই ম্যাচ প্রমাণ করেছে জাপান আর সহজ প্রতিপক্ষ নয়।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোরিয়াসু আরও বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলে ব্রাজিল। কিন্তু একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, জয়ের সুযোগ জাপানেরও আছে।’
জাপানের কোচের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ব্রাজিল কিংবদন্তি জিকো। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত জাপানের কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই সাবেক তারকা মনে করেন, বর্তমানে জাপান বিশ্বের যে কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তি অর্জন করেছে।
জিকোর ভাষায়, ‘গত কয়েক বছরে ব্রাজিল, জার্মানি, স্পেন ও ইংল্যান্ডকে হারিয়ে জাপান দেখিয়েছে যে তারা আর কেবল সম্ভাবনাময় দল নয়, বরং সত্যিকারের প্রতিদ্বন্দ্বী। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। একসময় চাপের মুহূর্তে ভেঙে পড়া দলটি এখন প্রতিকূল পরিস্থিতি সামলাতে জানে এবং পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে পারে।’
এদিকে বিশ্বকাপকে ঘিরে আলোচনায় এসেছে জার্মান অর্থনীতিবিদ ও গবেষক জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী। ২০১৪ সাল থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করার দাবি করা এই গবেষক তার গাণিতিক মডেলে এবার ব্রাজিলের বিপক্ষে জাপানের জয় দেখিয়েছেন। তার পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় রাউন্ডেই জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে সেলেসাওরা।
ক্লেমেন্টের মডেলটি শুধু ফুটবলীয় পরিসংখ্যানের ওপর নির্ভর করে না। মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ নানা সামাজিক ও অর্থনৈতিক সূচকও এতে বিবেচনায় নেয়া হয়। এসব তথ্য বিশ্লেষণ করে তিনি প্রতিটি দলের সম্ভাবনা নির্ধারণ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
চলতি বছরের এপ্রিলে প্রকাশিত তার গবেষণাপত্রে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। তবে তার সব পূর্বাভাস যে শতভাগ নির্ভুল, তা নয়। নকআউট পর্বের চূড়ান্ত সূচি নির্ধারণ হওয়ার পর কিছু হিসাব ইতিমধ্যে বাস্তবতার সঙ্গে মেলেনি। তবু ব্রাজিল-জাপান ম্যাচ নিয়ে তার পূর্বাভাস নতুন করে কৌতূহল তৈরি করেছে ফুটবলপ্রেমীদের মধ্যে।












































