
প্রায় দুই বছর ধরে বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। রবিবার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
দীনেশ ত্রিবেদী বলেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। ঢাকাসহ পাঁচ কেন্দ্রে এই ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে বলেও জানান তিনি। ঢাকা, চট্রগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী কেন্দ্রে ভারতের ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরু করার পর ভারতীয় ভিসা সেন্টারে এসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী। গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।












































