
বেধড়ক পেটানোর অভিযোগ যুক্তরাজ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী। জানা গেছে, কেমব্রিজ থানায় পেটানোর অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহসহ ৪ জনের নাম উল্লেখ করে কয়েকজনকে অজ্ঞাতনামা দেখিয়ে এই মামলা করা হয়েছে।
আজ শনিবার (২০ জুন) এনসিপি ইউকে এলায়েন্স এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগকে ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্যে দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
এতে আরও বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে। অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রনে হাসনাত আব্দুল্লাহ লন্ডন গেলে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং এনসিপি নেতাকর্মীদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।













































