প্রচ্ছদ জাতীয় পুলিশের ওপর ভয়াবহ হা’মলা!

পুলিশের ওপর ভয়াবহ হা’মলা!

আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর ছিনতাইকারীদের আস্তানায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানকালে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরের দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে। স্পটে এখনও পুলিশ অবস্থান করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি আস্তানায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালায় পুলিশ।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম এবং এসআই তরুণ গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি চালালে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ ছিনতাইকারীসহ মোট চারজনকে আটক করতে সক্ষম হয়েছে। গুরুতর এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ডেল্টা গার্মেন্টসের পেছনের ওই স্পটে এখনও পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছেন।