প্রচ্ছদ জাতীয় জামায়াত আমিরের নতুন বার্তা

জামায়াত আমিরের নতুন বার্তা

জাতীয় সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, তারা সংঘাত বা অচলাবস্থার রাজনীতিতে যাবে না, আবার সরকারবিরোধী অবস্থান থেকেও অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, `আমরা বগলদাবা বিরোধী দল হবো না।’ তার ভাষায়, অতীতে কিছু বিরোধী দল সরকারের নিয়ন্ত্রণে ছিল, আবার কেউ কেউ সংসদ বর্জন করে কার্যকারিতা নষ্ট করেছে—জামায়াত সেই দুই পথের কোনোটি অনুসরণ করবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, উপনেতা আবদুল্লাহ মোহাম্মাদ তাহেরসহ অন্যান্য নেতারা। তারা সংসদে ব্যাংকিং খাতের সংকট, প্রবাসীদের সমস্যা, সীমান্তে ‘পুশইন’ ইস্যু এবং গণভোট বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও নোটিশের কথা তুলে ধরেন।

শফিকুর রহমান বলেন, সংসদে যুক্তিসংগত সমর্থন ও প্রয়োজনীয় সমালোচনার মাধ্যমে দায়িত্ব পালনই হবে তাদের মূল কৌশল। প্রয়োজনে ওয়াকআউট করা হলেও দীর্ঘমেয়াদি সংসদ বর্জনের পথে তারা যাবে না।

তিনি আরও বলেন, অর্থবছরের শেষ দিকে অতিরিক্ত ব্যয় ও তড়িঘড়ি উন্নয়ন কাজ অপচয় ও অনিয়মের সুযোগ তৈরি করে। পাশাপাশি ফিসকাল ইয়ার পরিবর্তন করে ডিসেম্বর-জানুয়ারি করার প্রস্তাবও দেন তিনি, যাতে বাজেট ব্যবস্থাপনা আরও কার্যকর হয়।