
দেবপুরে হাসিনা বানু (৫৪) নামের এক নারীকে মধ্যযুগীয় কাযদায় নির্যাতনের ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) গৃহবধূ হাসিনা বানু নিজেই বাদী হয়ে এ মামলা করেন। বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে হাসিনা বানু নামে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারীর পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তার সমর্থকরা শুক্রবার সকালে মহিষবাথান সরদারপাড়ায় তার বসত বাড়িতে এ ঘটনা ঘটায়।
হাসিনা বানু ওই গ্রামের আহাদ আলী ওরফে বাবর আলীর স্ত্রী।
সূত্রে জানা যায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিএনপি নেতা আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে স্থানীয়রা বৃহস্পতিবার দুপুরে গাহলীর মোড়ে মানববন্ধন করে। ওই মানববন্ধনে ভুক্তভোগী হাসিনা বানু আব্দুল মতিন মণ্ডলের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেন। এরই জের ধরে শুক্রবার সকালে আব্দুল মতিনের আত্মীয়-স্বজন ও সমর্থকরা হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।
ভুক্তভোগী পরিবারের দাবি, তাকে একটি নারিকেল গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে হাসিনা বানুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
হাসিনা বানু জানান, মানববন্ধনে আব্দুল মতিনের বিভিন্ন অপকর্ম তুলে ধরে বক্তব্য দেওয়ার কারণে মতিন মণ্ডলের আত্মীয়-স্বজন ও সমর্থকদের মধ্যে জুয়েল, টিপু, রমজান, আঞ্জুমান, শাহনাজ, মোনেক্কা সহ আরও কয়েকজন তাকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এক পর্যায়ে তার সারা শরীরে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে নির্যাতন করে।
অভিযোগের বিষয়ে মতিন মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, দলের একটি অংশের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে একটি গ্রুপ হাসিনাকে ব্যবহার করে এ নির্যাতন নাটক সাজিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করছেন। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই তার কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি দাবি করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিন সহ ৬ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।












































