প্রচ্ছদ জাতীয় প্রতিমন্ত্রী শাহে আলমের বংশীয় উপাধিতে হলো ইউনিয়নের নাম, গেজেট প্রকাশ

প্রতিমন্ত্রী শাহে আলমের বংশীয় উপাধিতে হলো ইউনিয়নের নাম, গেজেট প্রকাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এর নাম ‘মীরবাড়ি’। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশীয় উপাধি ‘মীর’ এবং তার গ্রামের নাম থেকেই এ নামকরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন এবং শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ১৪ জুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান কর্তৃক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রকাশিত গেজেট অনুযায়ী, ‘বেতগারী মীরবাড়ি’ ইউনিয়ন পরিষদটি ফেনিগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তিয়াইল, গোরনা, ধামাহার, বেতগারী, বাদলদিঘী, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা নিয়ে গঠিত হয়েছে। নতুন এই ইউনিয়নে মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন অংশ ভেঙে নতুন ‘মীরবাড়ি’ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং নতুন ইউনিয়ন গঠনের ফলে উপজেলার বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।

নতুন ইউনিয়ন গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।