প্রচ্ছদ আইন আদালত বেনজীর গ্রেপ্তারের খবরে ভাইরাল তার সেই বক্তব্য

বেনজীর গ্রেপ্তারের খবরে ভাইরাল তার সেই বক্তব্য

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বেনজীর আহমেদের একটি পুরোনো ভিডিও ক্লিপ ব্যাপকভাবে শেয়ার হতে শুরু করে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে বেনজীর আহমেদকে বলতে শোনা যায়, ‘আমি সবসময় সন্ত্রাসীদের বলি, নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অব দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পাওয়ার অব দ্য পিপলস। জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতাকে যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায়, তারা আহাম্মক। রাষ্ট্রের কাছে এই সমস্ত অপশক্তি, জনগণের কাছে এই সমস্ত অপশক্তি অতি তুচ্ছ। আপনাদের সহযোগিতা নিয়ে এই যে হাজার দুয়েক লোক, টোকাই(খুঁজে) নিয়ে আসব আমরা। বাড়ি বাড়ি থেকে টোকাইয়া (খুঁজে) নিয়ে আসব। মাটির তলে ঢুকলেও সেখান থেকে বের করে নিয়ে আসব।’

বেনজীরের গ্রেপ্তারের খবরের সঙ্গে বক্তব্যটির মিল খুঁজে অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী বিভিন্ন মন্তব্য করছেন। অনেকে লিখছেন, তার নিজের বক্তব্যই যেন আজ তার ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, বিদেশে অবস্থান করেও শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি সাবেক এই পুলিশ কর্মকর্তা।

কেউ কেউ বলছেন, এআই ক্যামেরাই কাল হলো বেনজিরের।

বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছিল বলে জানা গেছে। সেই সেই নোটিশে তাকে এআই ক্যামেরার মাধ্যমে দুবাইয়ে আটক করা হয় বলে জানা গেছে।