
আসন্ন ঈদুল আজহার ছুটির আগেই কোনো ধরনের বিলম্ব মাশুল বা জরিমানা ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। আজ শনিবার (২৩ মে) নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের এই বিল পরিশোধ করতে অনুরোধ করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে পল্লী বিদ্যুৎ অফিস এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার দেশের সব সরকারি অফিস ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। ফলে গ্রাহকেরা আজ কোনো ভোগান্তি ছাড়াই সরাসরি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস কিংবা ব্যাংকের মাধ্যমে তাঁদের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার সুযোগ পাচ্ছেন।
এতে আরও উল্লেখ করা হয়, আজ ২৩ মে-র মধ্যে বিল পরিশোধ করলে গ্রাহকদের কোনো অতিরিক্ত জরিমানা বা বিলম্ব মাশুল (এলপিসি) দিতে হবে না। তবে নির্ধারিত এই সময় পার হয়ে গেলে পরবর্তী মাসের বিলের সঙ্গে নিয়ম অনুযায়ী লেট পেমেন্ট চার্জ (LPC) যুক্ত হবে।
ঈদ উদযাপনের আনন্দ ও ছুটির সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঝামেলা বা সংযোগ বিচ্ছিন্নকরণ এড়াতে গ্রাহকদের সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।











































