
চট্টগ্রামের ফটিকছড়িতে বোরকা পরে এক জুয়েলারি দোকানে ঢুকে অভিনব কায়দায় স্বর্ণালংকার লুটের চেষ্টা চালিয়েছেন এক নারী। দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) বিকেলে ফটিকছড়ি থানা সংলগ্ন বিবিরহাট বাজারের ‘নান্টু জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।
আটক ওই নারীর নাম সালমা বেগম (৪০)। তিনি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সালমা কৌশলে দোকানে প্রবেশ করে ক্রেতা সেজে কিছুক্ষণ অবস্থান করেন। একপর্যায়ে তিনি তার সঙ্গে থাকা মরিচের গুঁড়া দোকানের দুই কর্মচারীর চোখে ছুড়ে মারেন। এতে তারা সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়লেও একজন কর্মচারী সাহসিকতার সঙ্গে ওই নারীকে জাপটে ধরে ফেলেন।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটকে রাখেন। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সালমাকে আটক করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক করে। এ ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা রুজু হয়েছে।’
সূত্র : ঢাকা পোস্ট













































