
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হয়েছেন জামায়াতে ইসলামী পাকিস্তানের করাচি জোনের দায়িত্বশীলা ডা. সীমা মালিক। মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের নারী আন্দোলনের অগ্রগতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে ডা. সীমা মালিককে স্বাগত জানিয়ে মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা বলেন, এই সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সম্পৃক্ততা বাড়াতে এবং দুই দেশের নারীদের কাজের গতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিগত পাকিস্তান সফরের স্মৃতিচারণ করে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন।
মতবিনিময়কালে ডা. সীমা মালিক বাংলাদেশের নারী আন্দোলনের প্রশংসা করে বলেন, “পাকিস্তানের সামন্তবাদী রাজনৈতিক ব্যবস্থার কারণে সেখানে শক্তিশালী কোনো তরুণ রাজনৈতিক ইউনিয়ন গড়ে তোলা চ্যালেঞ্জিং। সেই তুলনায় বাংলাদেশে নারীদের মধ্যে জামায়াতের বর্তমান তৎপরতা ও গ্রহণযোগ্যতা অত্যন্ত প্রশংসনীয়।” এই সফরের অভিজ্ঞতা পাকিস্তানে ফিরে গিয়ে নারী আন্দোলনে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কেন্দ্রীয় আইটি বিভাগীয় সেক্রেটারি মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ডা. হাবিবা চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা খাতুন, মার্জিয়া বেগমসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের শীর্ষস্থানীয় নারী নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কূটনৈতিক তৎপরতা দুই দেশের ইসলামী নারী আন্দোলনের কৌশলগত উন্নয়নে সহায়ক হবে।
সূত্র: news24bd











































