
কুমিল্লা নগরীতে অভিনব এক চুরির ঘটনা সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রোববার (১০ মে) দুপুরে নগরীর ইসলামপুর এলাকায় একটি বাসার বারান্দার লোহার গ্রিলে আটকেপড়া মো. মারজান হোসেন জিহাদ (২২) নামের এক চোরকে নিয়ে শোরগোল পড়ে যায়। সোমবার সকাল থেকে ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি সবার নজরে আসে। মারজান সদর দক্ষিণ উপজেলার ইয়াছিন মার্কেট এলাকার আব্দুল বারেকের ছেলে। ওই ভবনটির মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কুমিল্লা আদালতের পূর্ব পাশে ইসলামপুর এলাকার মোহাম্মদ আলীর মালিকানাধীন একটি ভবনের নিচ তলায় চুরির উদ্দেশ্যে গ্রিলের ফাঁক দিয়ে প্রবেশের চেষ্টা করে জিহাদ। কিন্তু তার শরীর গ্রিলে এমনভাবে আটকে যায় যে, মাথার অংশ বাইরে এবং পাসহ শরীরের বাকি অংশ ভেতরে আটকে পড়ে।
ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গ্রিল থেকে বের হওয়ার জন্য জিহাদ প্রাণপণ চেষ্টা করছে এবং উৎসুক জনতার ভিড়ের মধ্যে চিৎকার করে বলছে, ‘স্যার, আমি বের হতে পারছি না। আমার একটি বাচ্চা আছে।’ প্রায় আধা ঘণ্টা গ্রিলে ঝুলে থাকার পর স্থানীয় লোকজন তাকে টেনে বের করেন।
প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক জানান, দুপুরে চিৎকার শুনে গিয়ে তারা দেখেন চোরটি গ্রিলের ফাঁকে আটকে পড়ে আছে। সে যে ফাঁক দিয়ে ঘরে ঢুকেছিল, পালানোর সময় তাড়াহুড়ো করতে গিয়ে সেখানেই আটকে যায়। পরে স্থানীয়রা তাকে টেনে ভেতরে বের করে আনেন।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার সোমবার রাতে জানান, ঘটনার পর হয়তো স্থানীয় লোকজন তাকে মারধর করে ছেড়ে দেয়। রোববার রাতে পুলিশের টহল ডিউটি চলাকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরাকালে ফৌজদারি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। কিন্তু চুরি করতে গিয়ে গ্রিলে আটকে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না। ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। এরপর ছবি দেখে নিশ্চিত হই, সে কারাগারে আছে।











































