প্রচ্ছদ জাতীয় মুক্তি পেলেন সাবেক পুলিশ সুপার

মুক্তি পেলেন সাবেক পুলিশ সুপার

ঢাকা নিউ মার্কেট থানায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা ও বিস্ফোরক মামলায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-৪ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন।

সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-৪ থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেওয়া হয়।

তানভীর সালেহীন ইমনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২০২৪ সালে ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পরে গত বছর ১১ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে।

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) এর দায়িত্ব পালন করেন। গ্রেপ্তারের দুই মাস পর তাকে বরখাস্ত করা হয়।